সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। যাত্রী চাপে ঠাঁই নেই অবস্থা ট্রেনে। যে যেভাবে পারছে ট্রেনে উঠে পড়ছে। কেউ উঠছে ছাদে, কেউ বা ট্রেনের দরজার হাতল ধরে ঝুলছে। এভাবেই ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে শেষ মুহুর্তে রাজধানী ছাড়ছে মানুষ।
শুক্রবার (৮ জুলাই) সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায় এমন চিত্র।
সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতিটি ট্রেন বিলম্বে ছেড়েছে। ট্রেনের প্রত্যেকটা বগিতে তিল ধারণের ঠাঁই নেই। অন্যদিকে মানুষ উঠে পড়ছে ট্রেনের ছাদে।
এদিকে, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ওভারলোডের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেলস্টেশনে আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শুক্রবার সকাল ৫টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু রেলস্টেশন এলাকায় ঘটনাটি ঘটে। ট্রেনটি সকাল ৫টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে আসে। ট্রেনটি সেতু পার হওয়ার উপযোগী না হওয়ায় রেল স্টেশনের মেরামত কাজ শুরু হয়।
কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার জানান, ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে। কয়েকটি ট্রেন বিলম্বে ছেড়েছে। মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও ভোগান্তিহীন করতে আমরা নিরলসভাবে কাজ করছি।