হারুন,জবি প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপের ফসল পদ্মা সেতু বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শনিবার (২৫ জুন) স্বপ্নের ‘পদ্মা সেতু’ উদ্বোধন করেন। এ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবন চত্বরে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা কালের সাক্ষী হিসেবে বিশেষ মূহুর্তে আজকের ইতিহাসে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। পদ্মা সেতু করতে গিয়ে কত ধরনের ষড়যন্ত্র যে হয়েছিলো তা সবাই জানি। টাকা লেনদেন হয়নি তবুও আমাদেরকে দূর্নীতির তকমা দেওয়া হয়েছিলো। নানা রকম তালবাহানা উপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের কারনে আজ পদ্মা সেতু বাস্তবায়ন সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী কারো কাছে মাথানত করে নাই। মাথা উঁচু করে এগিয়ে নিয়ে যাচ্ছেন এ দেশকে।
বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় LED মনিটরের মাধ্যামে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ করা হয় ।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো: ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল।
কেক কাটা ও মিষ্টান্ন বিতরনের মধ্য দিয়ে আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। বর্ণিল বাতিতে বিশ্ববিদ্যালয় সাজানো হয়েছে। এছাড়াও সংগীত বিভাগের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।