চলতি বছরের (১৪৪৩ হিজরি) ফিতরা নির্ধারণ করেছে এ সংক্রান্ত জাতীয় কমিটি। এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ৭৫ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ শনিবার (৯ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশন থেকে এই তথ্য জানানো হয়।
ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে আজ সকালে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উল্লিখিত ফিতরার হার নির্ধারণ করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা রুহুল আমিন।
দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের সর্বোচ্চ বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়। ফলে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপরোক্ত পণ্যগুলোর যেকোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দিয়ে মুসলমানরা তাদের সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন।
পবিত্র রমজান মাস শেষে এই সাদকাতুল ফিতর আদায় করতে হয়। যা নারী-পুরুষ, স্বাধীন-পরাধীন, শিশু-বৃদ্ধ, ছোট-বড় সকল মুসলিমের জন্য আদায় করা ওয়াজিব।