আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনসংলগ্ন আলীনগর হাজির মোড় এলাকায় সকালে এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ জানান সকাল সাড়ে ৮টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ঈশ্বরদীর উদ্দেশে ছেড়ে যাওয়া ডাউন ট্রেনটি হাজির মোড় এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় একটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটিতে থাকা চাঁপাইনবাবগঞ্জ পৌর-এলাকার আলীনগরের সেহের আলী (৪৫), ফুলচান আলী (৫০) এবং ঝিলিম ইউনিয়নের কেন্দুল গ্রামের নাইমুল হক (৩৫) ঘটনাস্থলে নিহত হয়। নিহতেরা সকালে চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন।
দুর্ঘটনার পর ডাউন ট্রেনটি ওই এলাকায় প্রায় ২০ মিনিট আটকা পড়ে। পরে সেখানকার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।










