ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনার ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক যুগ্ম সচিব মো. তোফায়েল ইসলাম বলেন, ঝালকাঠিতে মর্মান্তির লঞ্চ দুর্ঘটনার বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। একাধিকবার ঘটনাস্থল ও লঞ্চ পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে, ইঞ্জিন রুম থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। পরবর্তীতে আরও কিছু বিষয়ের কারণে এটি ছড়িয়ে পড়েছে।
গত রোববার বরগুনার সার্কিট হাউজ মিলনায়তনে লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে এসে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
তোফায়েল ইসলাম বলেন, তদন্ত এখনও চলমান। তাই কংক্রিট কোনও তথ্য দেয়া যাচ্ছে না। তবে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে একটি সুষ্ঠু তদন্ত করে ঘটনার সত্যতা উদঘাটন করা যায়। লঞ্চের কোনও স্টাফের সঙ্গে আমরা এখনও কথা বলতে পারি নাই। সেই রাতে আসলে কি ঘটেছিল- এটা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শোনার জন্যই আমরা বরগুনা এসেছি।