শিমুলিয়া-বাংলাবাজার নৌপথেরফেরিতে কঠোর বিধিনিষেধের তোয়াক্কা না করে আজ যাত্রী ও ব্যক্তিগত যানবাহন পারাপারের চাপ পড়েছে। করোনার বিধিনিষেধের প্রতিদিন দেখা যাচ্ছে বিধিভঙ্গের একই চিত্র। আজ সকাল থেকে নৌপথের সচল নয়টি ফেরিতে বৈরি আবহওয়ার মধ্যেও পারাপার হচ্ছে শতশত যাত্রী এবং ব্যক্তিগত গাড়ি।
শুধু জরুরি ও বিধিনিষেধের আওতামুক্ত গাড়ি পারাপারে ফেরি চালু থাকলেও, মানা হচ্ছে না নিয়ম। ঘাট অভিমুখে পুলিশের চেকপোস্ট এবং ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও যাত্রীরা দেখাচ্ছে নানা অজুহাত। বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে আসা ঢাকামুখী যাত্রীদের চাপ রয়েছে।
এদিকে, ফেরিতে যাত্রীর চাপ এবং গায়ে গা লাগা অবস্থানে উধাও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। শিমুলিয়া ঘাটে পৌঁছে ঢাকামুখী যাত্রীরা সড়কে পুলিশের চেকপোস্ট এড়িয়ে ছোট যানবাহনে করে ভেঙে ভেঙে রওয়ানা হচ্ছে ঢাকার গন্তব্যে। এতে যাত্রীদের গুনতে হচ্ছে দুই থেকে তিনগুণ বেশি ভাড়া।
শিমুলিয়া-বাংলাবাজার ফেরি নৌরুটে ছোট-বড় মিলিয়ে নয়টি ফেরি সচল রয়েছে। শুধু জরুরি গাড়ি পারাপারেই ফেরি চালু রয়েছে। শিমুলিয়া থেকে বাংলাবাজারগামী যাত্রীর সংখ্যা কম। তবে, বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে আগত প্রতিটি ফেরিতেই চাপ রয়েছে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় দেড় শতাধিক যানবাহন রয়েছে। এর মধ্যে পণ্যবোঝাই ট্রাকের সংখ্যা বেশি।