প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকারের ঘোষিত কঠোর লকডাউন চলছে। দ্বিতীয় দফার ঘোষণা অনুযায়ী আগামী ১৪ জুলাই পর্যন্ত চলবে বিধিনিষেধ। কিন্তু তার আগেই লকডাউন উপেক্ষা করে গ্রামের বাড়ির পথে ছুটছেন দেশের বিভিন্ন জেলার মানুষ। এতে ফেরি ঘাটে দেখা দিয়েছে মানুষ ও যানবাহনের ভিড়।
আজ শুক্রবার সকাল থেকেই দেখা গেছে, কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই দেশের দক্ষিণাঞ্চলের মানুষ মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ভিড় করছেন। একই সঙ্গে দেখা গেছে যানবাহনের ভিড়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত যাত্রী ও যানবাহন ঘাট এলাকায় আসছে।
এদিকে, ঘাটে যারা আসছেন তাদের অনেকের মুখেই নেই মাস্ক। যাত্রীরা মানছে না স্বাস্থ্যবিধি কিংবা শারীরিক দূরত্ব। যাদের মুখে মাস্ক রয়েছে, তাদের অনেকেই তা থুতনির নিচে নামিয়ে রেখেছেন। এতে করোনাভাইরাসের সংক্রমণ আরো বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ বলেন, আজ (শুক্রবার) সকাল থেকেই ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। ছোট বড় মিলিয়ে কমপক্ষে ৪ শতাধিক যানবাহন শিমুলিয়া ঘাট পারাপারের অপেক্ষায় রয়েছে।
বর্তমানে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ১০টি ফেরি সচল রয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের দায়িত্ব হলো শুধু ফেরি পরিচালনা করা এবং যানবাহন পার করে দেওয়া। অন্যদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর কাজ হলো যাত্রী আসা নিয়ন্ত্রণ করা।