মানাব সম্পদ উন্নয়ন সুচকে বাংলাদেশ ২০২০ সালে দুই ধাপ এগিয়েছে বলে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বা ইউএনডিপি এর প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনটি আন্তর্জাতিকভাবে উন্মোচনের ছয় দিন পর সোমবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করল ইউএনডিপি। প্রতিবেদনে বলা হয় মানাব সম্পদ উন্নয়ন সুচকে ২০১৯ সালের চেয়ে বাংলাদেশ ২০২০ সালে দুই ধাপ এগিয়ে বিশ্বের ১৮৫ টি দেশের মধ্যে ১৩৩ তম অবস্থানে উঠে এসেছে। দক্ষিণ এশিয়ার ৮ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম বলে প্রতিবেদনে উল্লেখ করে বলা হয় সুচকে ভারত ও পাকিস্তান দুই ধাপ করে পিছিয়ে যথাক্রমে ১৩১ তম এবং ১৫৪ তম স্থানে অবস্থান করছে। এতে বলা হয় পরিবেশের প্রভাবজনিত সমন্বিত মানব উন্নয়ন সূচকে এ বছর আরও ৯ ধাপ এগিয়েছে বাংলাদেশ।
এতে আরও বলা হয়েছে করোনা মহামারি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সংকট হিসেবে আবির্ভূত হলেও পরিবেশের ওপর মানুষের ক্রমাগত অভিঘাত বন্ধ না হলে ভবিষ্যতেও মানবজাতিকে এর চেয়ে বড় সংকটের মুখোমুখি হতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন মানাব সম্পদ উন্নয়নে বাংলাদেশ মোটা দাগে এগিয়ে চলেছে। বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদিপ্ত মুখার্জি বলেন বাংলাদেশেকে আগামী দিনে এগিয়ে যেতে হবে অনেকদূর এবং একই সাথে বিদ্যমান বৈষম্যকেও কমাতে হবে। ইউএনডিপি এর প্রতিবেদনে ২০১৯ সালে বাংলাদেশের মানব সম্পদ সূচকের মান মধ্যম সারির দেশগুলোর গড় মানের চেয়ে বেশি ছিল বলে উল্লেখ করে বলা হয় ১৯৯০সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ৩০ বছরে এই সূচকে বাংলাদেশ ৬০ দশমিক ৪ শতাংশ এগিয়েছে।