করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাত হাজার ১২৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৮৭৭ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট চার লাখ ৯৪ হাজার ২০৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুই হাজার ৮৮৪ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ২৬ হাজার ৭২৯ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবে ১৯ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৯ হাজার ৩২টি। এ পর্যন্ত দেশে মোট ৩০ লাখ পাঁচ হাজার ৫১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় নতুন ৪০ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১৪ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন পাঁচ হাজার ৪৩৯ জন ও নারী এক হাজার ৬৯০ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন ও ষাটোর্ধ্ব ২৮ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, খুলনায় একজন ও সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে দুজন ও ময়মনসিংহ বিভাগে দুজন। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩৯ জন ও বাড়িতে একজন।
