স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সরকার পরিবর্তনে বিএনপি নাশকতার পথ বেছে নিয়েছে। ঢাকা-১৮ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে কিছু কথোপকথন পাওয়া গেছে। এতে শোনা যায়, ফলাফল মেনে নিতে পারেনি বলেই বিএনপি এমনটি করেছে। যেখানেই তারা পরাজিত হয়েছে, সেখানেই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। যারা নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ শনিবার রাজধানী ধানমণ্ডির নিজ বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন।
এদিকে, গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানোর ঘটনায় এই পর্যন্ত ১৪টি মামলা ও ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে রিমান্ডে নেওয়া হয়েছে ২৮ জনকে।
বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনার পর মতিঝিল, বংশাল, শাহবাগ, ভাটারা ও উত্তরা পূর্ব থানায় মামলা করে পুলিশ।