ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণ মামলার একমাত্র আসামি মজনুর বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহার এই দিন নির্ধারণ করেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আফরোজা ফারহানা আহম্মেদ অরেঞ্জ এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ এ মামলায় আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে বিচারক রায়ের দিন নির্ধারণ করেছেন।
১৬ মার্চ মজনুকে একমাত্র আসামি করে ঢাকা মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আবু সিদ্দিক। ওই দিনই আদালত মামলাটি বিচারের জন্য নারী ও শিশু দমন ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন।
২৬ আগস্ট এ মামলায় মজনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আদালত সাধারণ ছুটিতে থাকায় মাঝখানে কোনো কার্যক্রম হয়নি।











