করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, নতুন করে ১ হাজার ৬৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৪ হাজার ৭৬০ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ১১২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৪৮টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১৪ হাজার ২৬৮টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৩ লাখ ১০ হাজার ৫৮৯টি।
নতুন যে ২৫ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ এবং নারী ৯ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৫২৯ জন বা ৭৭.৯৫ শতাংশ এবং নারী ১ হাজার ৩৫৭ জন বা ২৩.০৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৫ শতাংশ।২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.৭৮ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭.৫২ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫৪৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২১ হাজার ২৮১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৯.৩৮ শতাংশ।