রাজশাহীতে প্রধানমন্ত্রীর সফরের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৫-এর একটি আভিযানিক দল।
এসআরবি-৫ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ওই ছবিতে আপত্তিকর মন্তব্য করা হয়। এ ঘটনায় মন্তব্যকারীর পরিচয় শনাক্তে চন্দ্রিমা থানা পুলিশ, এসআরবি, ডিবি, সিটিএসবি ও সিআরটি কাজ শুরু করে।
পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় শনাক্তের পর তার বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, আবু বক্কর সিদ্দিক তার মামার বাড়িতে অবস্থান করছেন। এরই ধারাবাহিকতায় বুধবার (২১ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী জেলার পবা থানাধীন পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় তার মামা মো. আমিনুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে এসআরবি-৫-এর একটি দল।