সৈয়দ বশির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদকঃ- রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে উড়োজাহাজের একটি আসনের নিচে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলোর সন্ধান পাওয়া যায়। পরে সেখান থেকে মোট ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি।
কাস্টমস কর্মকর্তারা জানান, প্রাথমিক হিসাবে উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। তবে বিপুল পরিমাণ এই স্বর্ণ কে বা কারা উড়োজাহাজের আসনের নিচে রেখে গেছে এবং এর গন্তব্য কোথায় ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কাউকে আটক করার তথ্যও পাওয়া যায়নি।
এদিকে, উড়োজাহাজের আসনের নিচে বিশেষ কৌশলে স্বর্ণ লুকিয়ে রাখার ঘটনায় চোরাচালানের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রকে শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা।
তারা জানান, উদ্ধার করা স্বর্ণের বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।