সৈয়দ বশির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক:- ঢাকার মোহাম্মদপুর টাউনহলস্থ শহীদ পার্ক জামে মসজিদে পবিত্র ঈদ-ই-মীলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মীলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর পবিত্র জীবন, চরিত্র, আখলাক ও সুন্নাহর অনুসরণই পারে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি, শৃঙ্খলা ও কল্যাণ প্রতিষ্ঠা করতে। তাই মহানবী (সাঃ)-এর আদর্শকে জীবন পরিচালনার অন্যতম শক্তি হিসেবে গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, রাসূলুল্লাহ (সাঃ)-এর প্রতি ভালোবাসা শুধু মুখের দাবি নয়; বরং তাঁর সুন্নাহ অনুসরণ, তাঁর প্রদর্শিত ন্যায়, সততা, মানবিকতা ও উত্তম চরিত্র নিজেদের জীবনে বাস্তবায়নের মাধ্যমেই সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। মুসলমানদের উচিত পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন গড়ে তোলা এবং সমাজে শান্তি, সৌহার্দ্য ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।
মাহফিলে মহানবী (সাঃ)-এর পবিত্র জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।