(সাংস্কৃতিক মাধ্যমে বাংলাদেকে তুলে ধরেছে শামীম’)
আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ- সময়ের সাথে তাল মিলিয়ে এই প্রজন্মের নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক আরিফ হোসেন শামীম বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ইতিমধ্যে। ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক লোকসংস্কৃতি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের গান ও নৃত্য পরিবেশন করে প্রশংসা অর্জন করেছে নন্দন কলা কেন্দ্র ঢাকা। ২৩ সদস্যের এই দলের প্রধান ও কোরিওগ্রাফার ছিলেন এম. আর. ওয়াসেক এবং সহকারী নৃত্যপরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক আরিফ হোসেন শামীম।

ফ্রান্সে অনুষ্ঠিত FestivalsduSud আন্তর্জাতিক লোকসংস্কৃতি উৎসবসহ বিভিন্ন মঞ্চে বাংলাদেশের গানের শিল্পী ও নৃত্যশিল্পীরা সরাসরি লাইভ পরিবেশনার মাধ্যমে গান ও নৃত্যকে একসঙ্গে উপস্থাপন করেন। বাংলাদেশের লোকসংস্কৃতি, নৃত্য, সংগীত, পোশাক ও ঐতিহ্যবাহী পরিবেশনা বিভিন্ন দেশের শিল্পী ও দর্শকদের প্রশংসা অর্জন করে।

সফরের অন্যতম আকর্ষণ ছিল ‘মহুয়া’ নৃত্যনাট্য। এতে ‘সুজন বাইদা’ চরিত্রে নৃত্য ও অভিনয় করেন আরিফ হোসেন শামীম। তাঁর অভিব্যক্তি, নৃত্যশৈলী, অভিনয় দক্ষতা ও মঞ্চ উপস্থিতি দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। পাশাপাশি সহকারী নৃত্যপরিচালক হিসেবে দলের পরিবেশনা প্রস্তুতি, কোরিওগ্রাফি ও মঞ্চ উপস্থাপনায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আন্তর্জাতিক অনুষ্ঠান পর্ব শেষ হওয়ার পর ইউরোপ সফরের অংশ হিসেবে আরিফ হোসেন শামীম ফ্রান্সের পাশাপাশি জার্মানি, সুইজারল্যান্ড ও ইতালি ভ্রমণ করেন। বিশেষ করে ইতালির রোমের ঐতিহাসিক স্থাপত্য ও কলোসিয়াম তাঁর ভ্রমণ অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করে।

আরিফ হোসেন শামীম শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির নৃত্যকলা বিভাগের প্রভাষক, নন্দন কলা কেন্দ্রের সহকারী নৃত্যপরিচালক এবং সাত্ত্বিক শিল্পাশ্রমের প্রতিষ্ঠাতা ও পরিচালক।
আন্তর্জাতিক মঞ্চের সাফল্য ও ইউরোপের বহুমাত্রিক সাংস্কৃতিক অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন এই নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক।