স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনি।t
বুধবার দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডা. দীপু মনির মেয়ের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।
“জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে যে, উনি দিনের আলোতে সর্বোচ্চ বারো ঘণ্টার জন্য মুক্তি দিতে পারেন। এর বেশি হলে সরকারের অনুমোদনের প্রয়োজন হয়,বলেন তিনি।
দীপু মনির মেয়ের আবেদনের পর আইনি বিষয়গুলো নিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের এই কর্মকর্তা।
মঙ্গলবার রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।
জানা গেছে, দীপু মনির প্যারোলে মুক্তি মিললেই তার স্বামীর লাশ দাফন করা হবে। বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন সাবেক এই মন্ত্রী।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, বুধবার দুপুর ১২টার দিকে তার মেয়ে মায়ের সঙ্গে দেখে করতে কারাগারে প্রবেশ করেন। কারাগার থেকে বেরিয়ে প্যারোলে মুক্তির আবেদন নিয়ে দুপুর পৌনে ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে আবেদন জমা দিলে ১২ ঘণ্টার প্যারোল দেওয়া হয়।