দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন এলাকায় একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন বাংলাদেশি নিহত হয়েছে। এ ঘটনায় নারায়ণগঞ্জের সদর উপজেলার আলীরটেকের ক্রোকেরচর গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সময় ভোর ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনের ওই দোকানে আগুন লাগে।
নিহত ৬ জনের মধ্যে তিনজনের বাড়ি আলীরটেকের ক্রোকেরচর গ্রামে। নিহতরা হলেন- ফাহিম (২৯), আপন আহমেদ (২৩) ও নুর মোহাম্মদ (৫৫)। তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
জানা যায়, দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন মেম্বারের ভাই রতনের ব্যবসা প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) ও মোহাম্মদ আপন (২৪)-এর পরিচয় জানা গেছে। আরও দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। নিহতদের মধ্যে আরও রয়েছেন তৈলখিরার চরের ফয়সাল (২৬), বক্তাবলী ইউনিয়নের কানাইনগরের শাহিন (৩০) এবং মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়ার রাজিক (৫৫)।
ঘটনার পর নিহতদের পরিবার, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, দোকানের ভেতরের আবাসিক কক্ষে ৭ জন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ৬ জন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর একজনকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনাটির তদন্ত করছে।
এই মর্মান্তিক ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রবাসী সংগঠন নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।