বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আজ। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সন্ধ্যা সাড়ে ৬টায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জয় চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নির্বাচনে জয়ী সভাপতি শিবা শানু ও সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা আজ আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। শপথের মধ্য দিয়েই আগামী দুই বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন তারা।
নির্বাচনে সভাপতি পদে শিবা সানু পেয়েছেন ২৪৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন জয় চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পারভেজ চৌধুরী আবির, তিনি পেয়েছেন ২৭২ ভোট, এই পদে পপি পেয়েছেন ১৪৪ ভোট। দপ্তর ও প্রচার সম্পাদক পদে ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জ্যাকি আলমগীর , এই পদে রাসেল মিয়া পেয়েছেন ১৯৫ ভোট।
সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক পদে ইউসুফ খান ৭২ ভোট এবং মুশফিকুল জামিল পেয়েছেন ১১৮ ভোট, তবে এই পদে মারুফ আকিব ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কমল, তিনি পেয়েছেন ২২১ ভোট। একই পদে জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত ১১ জন হলেন- আলী রাজ ,কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত।