রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া বাড়ানোর প্রস্তাব বাসে ৬৪, লঞ্চে ৪২ শতাংশ এলপিজি দাম এবার প্রতি কেজিতে বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা দুই দফায় দেশের ১৯ লাখ ৫৩ হাজার ৮৪৩ জন শিশুকে টিকা দিয়েছে সরকার ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে শুরু হয়েছে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন আগামীকাল নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জমকালো আয়োজনে বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মাননা আনোয়ারা প্রেসক্লাবে ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, ৩ মাসে পূর্ণাঙ্গ কমিটির লক্ষ্যমাত্রা ফুটবল বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো হাফটাইম শো অনুষ্ঠিত হবে খুলনায় ১০ টির মধ্যে ৬টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ প্রথম দিন ঢাকা ছাড়ছেন পৌনে ছয় হাজার হজ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে শুরু হয়েছে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন

  • আপডেট সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮.০৩ পিএম
  • ৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে শুরু হয়েছে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন। এটি সম্পন্ন হলে প্রতিদিন জাতীয় গ্রিডে যোগ হবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।

আজ রোববার সদর উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান।

সূত্র জানায়, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত তিতাস গ্যাস ফিল্ডের উৎপাদনের থাকা ২২টি কূপ থেকে বর্তমানে প্রতিদিন প্রায় ৩২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে। বর্তমানে সর্বোচ্চ ৩ হাজার ৭০০ মিটার গভীর থেকে গ্যাস উত্তোলন হচ্ছে।

তবে দীর্ঘ সময় ধরে গ্যাস উত্তোলনের ফলে মজুত এবং চাপ কমেছে দেশের সবচেয়ে প্রাচীন এই গ্যাস ফিল্ডের সবকটি কূপে। এতে করে কমেছে উৎপাদন। এ অবস্থায় গ্যাসের নতুন উৎস খুঁজতে থ্রিডি সাইসমিক জরিপ প্রকল্প নেয় বিজিএফসিএল। এর প্রেক্ষিতে তিতাস ও বাখরাবাদ ফিল্ডে খনন করা হচ্ছে দুইটি গভীর অনুসন্ধান কূপ।

এ দুইটি কূপ খননে ব্যয় হবে ৫৯৪ কোটি টাকা। ৫ হাজার ৬০০ মিটার গভীরতায় তিতাসের নতুন ৩১ নম্বর গভীর অনুসন্ধান কূপটি খননে সময় লাগবে প্রায় ৭ মাস। খনন কাজ করছে চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান সিসিডিসি। খনন শেষে কূপটি থেকে প্রতিদিন উত্তোলন করা হবে প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।

তিতাস ও বাখরাবাদ ফিল্ডে দুটি গভীর অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মো. মাহমুদুল নবাব জানান, থ্রিডি সাইসমিজ জরিপের রিপোর্ট অনুযায়ী কূপটিতে এক থেকে দেড় ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুত আছে। যেহেতু অনেক গভীরতায় কূপ খনন হবে, এতে করে কিছু চ্যালেঞ্জও আছে। তবে সফলভাবে খনন শেষ করতে পারলে এখানে আরও ৭টি কূপ খনন করা হবে।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামাণিক জানান, তিতাসসহ বিজিএফসিএল পরিচালিত অন্যান্য ফিল্ডগুলো থেকে গ্যাসের উৎপাদন বাড়াতে নতুন কূপ খনন এবং পুরনো কূপের ওয়ার্কওভার প্রকল্প নেওয়া হয়েছে। তিতাস ও বাখরাবাদ ফিল্ডে দুটি গভীর অনুসন্ধান কূপ সফলভাবে খনন করতে পারলে এটি জ্বালানি খাতের জন্য মাইলফলক হবে। জ্বালানি সংকট অনেকটাই কেটে যাবে।

পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছরের মধ্যে ৫০টি কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রেক্ষাপটে দেশীয় জ্বালানির উৎস অনুসন্ধান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী আশরাফুল আলম ও কোম্পানি সচিব মোজাহার আলীসহ পেট্রোবাংলা ও বিজিএফসিএলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com