মো:মনসুর আলী, নিজস্ব প্রতিবেদকঃ– ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়নে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে মেহেদী হোসেন (২৩) নামের এক যুবক মারা গেছেন। শনিবার সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত মেহেদী হোসেন আখানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চতুরাখোর গ্রামের সাদেকুল ইসলামের ছোট ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ছয় মাস আগেও একবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ বাড়িতে সবার অগোচরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন মেহেদী। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাঁকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিনাজপুরে পাঠানোর পরামর্শ দেন। পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
আখানগর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জনি পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ঠিক কী কারণে তিনি বিষপান করলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, “যুবকের মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”