বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক কমলাপুরে যাত্রীর পকেটে ছিনতাইয়ের চেষ্টা, আটক এক বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক ফেনীর নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না : ভারপ্রাপ্ত মহাসচিব সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর নাগরিকদের অধিকার নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব : আইনমন্ত্রী

নোয়াখালীতে চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ৫

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১০.০৩ পিএম
  • ৮৮ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ থেকে ১০ জন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত করা হলেও বাকি তিনজনের নাম-পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডসংলগ্ন জাগলার চর এলাকায় এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্গম চরাঞ্চল হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ সময় লেগেছে।
নিহতদের মধ্যে দুজন হলেন সামছু উদ্দিন ও আলাউদ্দিন (৪০)। নিহত আলাউদ্দিন সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মহিউদ্দিনের ছেলে। বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, জাগলার চরের বিপুল পরিমাণ জমি এখনো সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এ সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় প্রভাবশালী ও সন্ত্রাসী চক্র ওই চরের জমি দখল ও বিক্রির সঙ্গে জড়িত। অভিযোগ রয়েছে, গত ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু বাহিনী জাগলার চরের উল্লেখযোগ্য অংশ দখলে নিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে জমি বিক্রি করে।
পরবর্তীতে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী ওই চরের জমি দখলের চেষ্টা চালায়। একপর্যায়ে আলাউদ্দিন বাহিনী তুলনামূলক বেশি দামে জমি বিক্রি শুরু করলে দুই গ্রুপের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে। উভয় গ্রুপই আলাদাভাবে চরের জমি নিজেদের দখলে দেখিয়ে বিক্রির চেষ্টা চালাতে থাকে।
অভিযোগ রয়েছে, চর দখলের সঙ্গে যুক্ত আলাউদ্দিন বাহিনী স্থানীয় কিছু রাজনৈতিক নেতার ছত্রচ্ছায়ায় কার্যক্রম চালিয়ে আসছিল। অভিযোগে বলা হয়, সুখচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিম, আওয়ামী লীগ নেতা নিজাম মেম্বার এবং বিএনপি নেতা নবীর ঘনিষ্ঠ সহযোগিতায় কোপা সামছু বাহিনীকে চর থেকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়। এই আঁতাতের জেরে দুই পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে চরের জমি দখলকে কেন্দ্র করে কোপা সামছু বাহিনী ও আলাউদ্দিন বাহিনী মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়। এতে আলাউদ্দিনসহ অন্তত চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় আলাউদ্দিনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর চারজনের মরদেহ ঘটনাস্থলেই পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়দের ধারণা, দুর্গম চরাঞ্চলে আরও হতাহতের ঘটনা ঘটতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বিলম্বিত হওয়ায় তাৎক্ষণিকভাবে সব তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে জানতে সুখচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, “ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে এবং চারটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চর হওয়ায় বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com